হুইপ আশরাফ উদ্দিন নিজানের উদ্যোগে ৩২ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজানের পৃষ্ঠপোষকতায় এবং মানবিক সামাজিক সংগঠনগুলোর আয়োজনে সুবিধাবঞ্চিত ৩২ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।
লিও ক্লাব অব ঢাকা নিউ ডায়মন্ডের আয়োজনে, সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজানের সার্বিক সহায়তায় এবং হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ বৃহৎ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আয়োজকদের সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট কমলনগরস্থ সংসদ সদস্যের বাসভবনে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ওই ক্যাম্পে রামগতি ও কমলনগরের কয়েক হাজার অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পের চক্ষু বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার পর ৬৭ জনের চোখে ছানি শনাক্ত হয়। পরবর্তীতে আয়োজক কমিটির পক্ষ থেকে শনাক্ত হওয়া প্রত্যেক রোগীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হলে তাদের মধ্যে প্রথম ধাপে ৩২ জন রোগী অপারেশনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। তাদেরকে সার্বিক ব্যবস্থাপনায় বিশেষায়িত হাসপাতালে এনে ২৯ সেপ্টেম্বর বিনামূল্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
অপারেশন চলাকালীন ও পরবর্তী সময়ে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান সরেজমিনে হাসপাতালে উপস্থিত হন। তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং সার্বিক সেবার খোঁজখবর নেন।
এ সময় তিনি চিকিৎসাকাজে নিয়োজিত চিকিৎসক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোগীদের যথাযথ পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রোগীদের খোঁজ নেওয়ার পর হুইপ বলেন, "মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। এলাকার অসহায় ও দরিদ্র মানুষ যেন টাকার অভাবে অন্ধত্ব বরণ না করে, সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। জনগণের পাশে থেকে তাঁদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।"
আয়োজক সংস্থা হেল্প হ্যান্ড ফাউন্ডেশন ও লিও ক্লাব অব ঢাকা নিউ ডায়মন্ডের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রথম ধাপে ৩২ জনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে ছানি শনাক্ত হওয়া বাকি রোগীদের সেবা প্রদানের প্রক্রিয়া এখনো চলমান। বাকি রোগীদের মধ্যে যারা অপারেশনে আগ্রহী হবেন, তাদেরও পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবার আওতায় আনা হবে।
এ লক্ষ্যে পরবর্তী ধাপের অপারেশনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভাব্য আগামী ১৯ অক্টোবর সময় নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং উপকারভোগী সাধারণ মানুষ হেল্প হ্যান্ড ফাউন্ডেশন ও হুইপ আশরাফ উদ্দিন নিজানের এই যৌথ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
ভোরের আকাশ/ইউএম