গঙ্গাস্নানে এসে নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ডুবে যাওয়া অর্পনা সূত্রধরের মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে গোকর্ণঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। অর্পনা সূত্রধর (১১) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া ডিসি এসপি রোড এলাকার অমৃত সূত্রধরের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান শুরু হয়েছিল। এতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। এসময় সকালে গোকর্ণঘাট এলাকায় বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে এসে তিতাস নদীতে ডুবে অর্পনা সূত্রধর নিখোঁজ হয়।
পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়।
অভিযান চালিয়ে তারাও ব্যর্থ হলে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে শনিবার সকালে গোকর্ণঘাট তিতাস নদীর পাড়ে অর্পনার মৃতদেহ জেলেরা ভেসে থাকতে দেখেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিখোঁজের দু'দিন পর গোকর্ণঘাট তিতাস নদীতে অর্পনার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই