কাশিমপুর কারাগার থেকে পালানো আসামী ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার পলাতক আসামী রিপন (২৯) কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।গ্রেপ্তারকৃত রিপন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের আকবর আলীর ছেলে।
বুধবার বিকেল ৪ টার দিকে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বছরের ৬ আগষ্ট সকাল ৯ টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে কারাগারে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে।কারাবন্দীরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করে।পরে দাঙ্গা-হাঙ্গামার মধ্যে কারাবন্দীরা কারাগারের ভিতরে বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে দুপুর ১টা থেকে ২ টার মধ্যে বাউন্ডারির উপর দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জিএমপি গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি রিপনকে গ্রেপ্তার করেন।
ভোরের আকাশ/জাআ