কুরআনের শিক্ষা বিশ্বে সম্মান এনে দেয়: মাসুদ সাঈদী

কুরআনের শিক্ষা মানুষকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে বিশ্বের মানুষের কাছে সম্মানিত করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
তিনি বলেন, ‘কুরআনকে ভালোভাবে জানলে বিশ্বের সবার কাছে নন্দিত হওয়া যায়। মরহুম আল্লামা সাঈদী কুরআনের কারণে বিশ্ববাসীর কাছে নন্দিত হয়েছিলেন।’
পিরোজপুরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম, পিরোজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ তালুকদার এবং পিরোজপুর পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা অর্জনের পাশাপাশি সাধারণ শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র