মাদক ও সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সিএমপি কমিশনার

মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। বিশেষ করে ক্রিকেটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রীড়া কার্যক্রম তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে ‘রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার। এ সময় তিনি বলেন, বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করলে তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এখান থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় উঠে আসতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দি ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির বাবা ওসমান গণি মনসুর।
এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজক, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৮ পর্যায়ের তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হলো।
ভোরের আকাশ/আ.র