মুকসুদপুরে সাংবাদিককে হুমকির অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিক আবু বকরকে মুঠোফোনে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহীদ শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৪১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দৈনিক জনতার জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু বকর।
জানা গেছে, এর আগে শহীদ শেখ সাংবাদিক আবু বকরকে মোবাইল ফোনে কল দেন। সে সময় ব্যস্ত থাকায় তিনি কলটি রিসিভ করতে পারেননি।
পরে সকাল ১০টা ৪১ মিনিটে আবু বকর ওই নম্বরে কলব্যাক করলে শহীদ শেখ অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী সাংবাদিক আবু বকর জানান, বিষয়টি তিনি সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেছেন।
পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সাংবাদিক আবু বকর আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত শহীদ শেখের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শহীদ শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/ এনউব