সিরাজদিখানে বসতবাড়িতে হামলা-ভাঙচুর,আটক- ৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের সঙ্গে যুবদলের আহবায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সকালে উপজেলা সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে শাহাদাৎ শিকদারের ভাতিজা আবু সাঈদের বসতবাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।
ঘটনার খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদা শিকদার বলেন, জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশি অস্ত্র নিয়ে আমার ভাতিজা আবু সাঈদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সিফাতুল ইসলাম জনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তিনদিন যাবত ঢাকার বাহিরে আছি, এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই।
সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন জানান,পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনে। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব