স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে বরিশাল বিভাগের পুলিশ ইউনিটের মতবিনিময় সভা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ নাসিমুল গনি মহোদয়ের উপস্থিতিতে বরিশাল বিভাগে অনুষ্ঠিত হলো এক বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠান।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ নাসিমুল গনি।

আয়োজক বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর পক্ষ থেকে অতিথিকে সাদর অভ্যর্থনা ও সংবর্ধনা জানান আরআরএফ বরিশালের সুযোগ্য কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন মহোদয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

বরিশাল বিভাগের মহানগর ও জেলা পর্যায়ের সকল পুলিশ ইউনিটের প্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সচিব মহোদয়।

তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে পুলিশের দায়িত্ব ও ভূমিকা, শৃঙ্খলা, পেশাদারিত্ব, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, আত্মশুদ্ধি, দায়িত্ব-কর্তব্য পালনের নীতিমালা ও এড়িয়ে চলার বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। সভায় ভাষা আন্দোলন ১৯৫২, মুক্তিযুদ্ধ ১৯৭১ এবং ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। পরে পুলিশ লাইন্স মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ নাসিমুল গনি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। সভায় বরিশাল বিভাগের সকল ইউনিট প্রধান, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ