রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি হলেন—তবলছড়ি ওয়াপদা কলোনির সুকুমার দাশ (৪০), রিজার্ভ বাজারের নাপ্পিঘাটার আব্দুল মান্নান (৪৫), নদীর পাড় এলাকার মো. খোকন মিয়া (৩৫), স্বর্ণটিলা এলাকার মো. সুরুজ মিয়া (৪৪) এবং পূর্ব ঝাড়ুর বাগান এলাকার মো. মতিউর রহমান (২৯)।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মো. রাকিবুল হাসান (১৯), মো. আশরাফুল ইসলাম (১৯), মো. রাব্বি (১৯) ও মো. আব্দুল্লাহ আল লতিফ (১৮)কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, পূর্বের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু বড়ুয়া (৪০)কেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কোতয়ালী থানাধীন রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/সু.পা