প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানালেন ডা. জাহিদ হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেএম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় দিনাজপুর শহরের উপশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ বলেন, ৩১ দফার মধ্যে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী পদে ২ বারের বেশি বসা যাবে না। পাশাপাশি অনেক ধরনের সংস্কারের কথা এই ৩১ দফার মধ্যে রয়েছে। দেশের মানুষের আন্দোলনের স্বৈরাচার পালিয়ে গেছে। তার পরবর্তীতে অনেকে অনেক কথা বলছে। কিন্তু কেউ কি খেয়াল করেছে বিএনপি কী বলেছে? বিএনপি সব সময় দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই কুশাসন থেকে বের হয়ে সুশাসনের বাংলাদেশ গড়ার কথা বলছে। এসব প্রস্তাবনা নিয়ে জনগণের কাছে বিএনপি ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যে আধুনিক কৃষি, বিদেশি, রেমিট্যান্স এবং গার্মেন্ট- এই তিনটি এসেছে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপির সময়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্ব শাহ মবিন জিন্নাহ, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ