চাঁদপুরে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে জরিমানা

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি হোটেলকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেলগুলো থেকে প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বড় স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে হিলশা কিচেনকে ৩০ হাজার টাকা, মেজবান হোটেলকে ২০ হাজার টাকা এবং দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ও চাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, আইন অমান্য করে অবৈধভাবে ইলিশ বিক্রির অপরাধে হোটেলগুলোতে এই জরিমানা করা হয়েছে।
এছাড়া জব্দকৃত প্রায় এক মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশের সুরক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র