নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

আজমুল হোসেন (২২) নামে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে খুবি'র খাজা গেটের নিকটে মসজিদ গলিতে একটি মেস ভবনে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় হাসপাতালে নিয়ে আসা কয়েকজন নিজেদের খুবির শিক্ষার্থী পরিচয় দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে আজমুলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্মচারীদের বরাত দিয়ে জানা যায়, তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের চারতলা থেকে লাফ দিয়ে পড়ে আজমুল আহত হয়েছেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের পর্যবেক্ষণে আজমুলের শরীরে একাধিক আঘাত ও গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়। তার মাথার চুলও কেটে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এসব ঘটনায় তাকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। আজমুলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা সেখান থেকে চলে যান।
নিহত আজমুল হোসেন খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ফল-২০২৬ শিক্ষার্থী। তার বাবার নাম মো. কুতুব উদ্দিন। তিনি খুলনা হরিণটানা থানার গল্লামারি এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায়।
এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ভিকটিমের চুল, কয়েকটি কাঠ ও কয়েকজনের পায়ের ছাপ পাওয়া গেছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শোক জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/ এনউব