চাঁদপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নাছির আহমেদ খানের মতবিনিময় সভা জনসভায় রূপ নিয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও এলাকাবাসী সভাস্থলে জড়ো হন। একপর্যায়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভাটি জনসভায় পরিণত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ও লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ খান বলেন, ‘আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও ভালোবাসা নেওয়ার জন্য। আজকের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমার অতীতের কর্মকাণ্ড ও ব্যক্তিত্ব বিশ্লেষণ করে আপনাদের পাশে থাকার সুযোগ দিতে আপনারা আমাকে দোয়া ও সমর্থন করবেন।’
সভায় তিনি দলের আদর্শ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মো. অলিউল্লাহ খানের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম বেপারী, সিনিয়র সহসভাপতি জাকির উকিল, সহসভাপতি মোক্তার দর্জী, সাধারণ সম্পাদক মো. হাফিজুল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর রাসেল ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন দর্জি।
এ সময় সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির গাজী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, ইউনিয়ন যুবদল নেতা ফয়সাল হাজরা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ইয়াসিন ভূঁইয়া সুমন, হাবিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।