পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনা
চাঁদপুরে প্লাস্টিক বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পাইলট প্রকল্প উদ্বোধন

চাঁদপুরে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে ডিজেল উৎপাদনের লক্ষ্যে চাঁদপুর পৌরসভার উদ্যোগে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার স্বর্ণখোলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
প্রকল্পটির মাধ্যমে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল বা ডিজেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা গড়ে উঠবে, অন্যদিকে বর্জ্যকে সম্পদে রূপান্তরের নতুন সুযোগ সৃষ্টি হবে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিতভাবে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে মাটি, পানি ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পাশাপাশি এটি জনস্বাস্থ্যের জন্যও দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার, পরিবেশগত নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়মিত তদারকির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ নগর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
চাঁদপুর পৌরসভার এ পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই নগর ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের সম্ভাবনাও তৈরি হবে।
ভোরের আকাশ/সু.পা