সাদ্দাম হত্যাকান্ডে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৭ জনের নাম

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও গলা কেটে ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে (৩২) হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে।
নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সদর মডেল থানায় এ মামলা করেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে থানায় দায়ের করা মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ভোরের আকাশকে জানান, রাত সোয়া ৮টার দিকে আমরা নিহতের বাবার এজহার গ্রহণ করি। মামলাটি নিয়মিত করা হয়েছে; মামলা নম্বর ৭৫।
তিনি আরও জানান, মামলায় উল্লিখিত আসামিদের গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে এবং দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জেরে সাদ্দাম হোসেন (৩২) নামের সদর উপজেলা ছাত্রদলের সাবেক এক সদস্যকে গুলি করে ও গলা কেটে হত্যার অভিযোগ করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে কান্দিপাড়া খালপাড় এলাকার নতুন সেতুর ওপর এ ঘটনা ঘটে।
ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সাদ্দামের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপরই হত্যার দ্রুত এফআইআর গ্রহণ ও ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতারের দাবিতে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সদর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কান্দিপাড়া এলাকায় কৃষকদলের লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিরোধের জেরে কান্দিপাড়ায় অবস্থানরত দিলীপ গ্রুপের সদস্যদের ওপর লায়ন শাকিল ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে ৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরবর্তীতে একই বিরোধের ধারাবাহিকতায় গভীর রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে ডেকে নিয়ে প্রথমে গুলি করা হয়, পরে গলা কেটে হত্যা করা হয় বলে জানান নিহতের বাবা মোস্তফা কামাল।
এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ সামজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে বলতে শোনা যায়, সাদ্দাম আমার নিজের লোক। তার পরিবারের লোকদেরকে ভুল বুঝিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে।
স্থানীয়রা জানায়, এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ