ফ্যামিলি কার্ডে বদলাবে অসচ্ছল পরিবারের জীবনমান: আবু সুফিয়ান এমপি

সামাজিক সুরক্ষা নিশ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
তিনি বলেছেন, এ কর্মসূচি শুধু আর্থিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অসচ্ছল মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার একটি কার্যকর পদক্ষেপ।
শনিবার (১৪ নভেম্বর) জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ এবং ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, সমাজের দরিদ্র, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত অসচ্ছল পরিবারগুলোকে শনাক্ত করে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। এর ফলে সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক চাপ কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
কর্মসূচির সফলতা নির্ভর করছে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ওপর উল্লেখ করে সংসদ সদস্য বলেন, উপকারভোগী নির্বাচনে নির্ভুল তথ্য সংগ্রহের কোনো বিকল্প নেই। তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতি, অনিয়ম কিংবা রাজনৈতিক ও ব্যক্তিগত পক্ষপাতের ঊর্ধ্বে থাকতে হবে। প্রকৃত অসহায় পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, আবার কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকায় স্থান না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির বাস্তবায়নে সরাসরি ভূমিকা পালন করবেন। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী পরিচালক মো. কামরুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম এবং সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোরের আকাশ/সু.পা