লালপোলে সড়ক দূর্ঘটনায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবদুল আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস ও ভ্যাট অফিসে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাতনামা ট্রাক চলাচলের সময় হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলিমের মৃত্যু হয়।
ভোরের আকাশ/সু.পা