বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: ওয়ারেছ আলী মামুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, কর্মসংস্থানকে সামনে রেখে বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনায় কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের ফলে জেলায় কর্মমুখী শিক্ষার সুযোগ বাড়বে ও বেকারত্ব অনেকাংশে কমে আসবে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে জামালপুর শহরের কম্পপুরে ৪৫ কোটি টাকা ব্যয়ে জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ একর জমির ওপর প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় তিনটি ছয়তলা ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে একাডেমিক, প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন রয়েছে। পাশাপাশি বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজও প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, আরিফ হোসেন বাহাজ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন ও জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শামীম আহমেদসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন।
ভোরের আকাশ/জেআ