প্রকৃত সংখ্যা আরও বেশি
পাহাড়ে ৬ বছরে মানবপাচারের শিকার ৭৩০ জন

পাহাড়ের তিন জেলা থেকে গত ছয় বছরে মানবপাচারের শিকার হয়েছেন অন্তত ৭৩০ জন।
এর মধ্যে খাগড়াছড়ি থেকে ৪০০, রাঙামাটি থেকে ৩০০ ও বান্দরবান থেকে ৩০ জন। তবে সামাজিক কলঙ্ক, ভুক্তভোগীদের গোপনীয়তা ও তথ্য প্রকাশে অনীহার কারণে মানবপাচারের প্রকৃত সংখ্যা নথিভুক্ত হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
মানবপাচারের ভয়াবহতা, ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ অপরাধ প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইন।
সোমবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতায় সিএসও-সিবিও নেটওয়ার্কের আয়োজনে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’-এর আওতায় মানবপাচারবিষয়ক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।
ক্যাম্পেইনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, তৃণমূল উন্নয়ন সংস্থার নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
ক্যাম্পেইনে মানবপাচারকে গুরুতর সামাজিক সমস্যা হিসেবে তুলে ধরে এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দায়বদ্ধতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধে গণমাধ্যমের কার্যকর ভূমিকা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছয় বছরের প্রতিবেদনে তিন পার্বত্য জেলা থেকে মানবপাচারের শিকার হিসেবে ৭৩০ জনের তথ্য উঠে এসেছে।
এর মধ্যে খাগড়াছড়ির ৪০০, রাঙামাটির ৩০০ ও বান্দরবানের ৩০ জন রয়েছেন। তবে সামাজিক stigma, গোপনীয়তা রক্ষা ও ঘটনা প্রকাশে অনীহার কারণে অনেক ভুক্তভোগী সামনে আসেন না। ফলে মানবপাচারের প্রকৃত চিত্র আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মানবপাচারের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা, তথ্যপ্রাপ্তি, সামাজিক প্রতিরোধ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিকদের সমন্বিত উদ্যোগই পারে পাহাড়ের মানুষকে এ বিপজ্জনক অপরাধ থেকে সুরক্ষিত রাখতে,ক্যাম্পেইনে এমন গুরুত্ব তুলে ধরা হয়।
ভোরের আকাশ/রই