কালীগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি-আলোচনা

‘মানসম্মত শিক্ষা, বৈষম্যহীন সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিশুদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার ভিত শক্তিশালী হলে ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। তাই শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।