রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ স্থাপনা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি কাঁচা ঝুপড়ি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক ই-৫ এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একের পর এক বসতঘর পুড়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য।
তিনি জানান, খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও স্যাটেলাইট ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগে।
অনেক চেষ্টার পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ভোর ৫টার দিকে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয় বলে জানান তিনি। অগ্নিকাণ্ডে ৩৫টি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা বাসিন্দা জানান, কিছুদিন পরপরই শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এবার ক্যাম্প-৫-এ ভয়াবহ আগুনে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস পৌঁছানোয় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি মধ্যরাত ৩টা ২০ মিনিটের দিকে উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৪৪৮টি এবং স্থানীয়দের ১৬টি ঘর পুড়ে যায়।
ভোরের আকাশ/ র.ই