নেত্রকোনায় সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ

আওয়ামী লীগের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনা জেলা শ্রমিকদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ছোটবাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খান ও সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে মিছিলে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে বক্তব্য দেন নেত্রকোনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খান, সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন, জেলা শ্রমিকদল নেতা সামছুল আলম ও মো. আবদুর রহমানসহ অন্যরা। বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
ভোরের আকাশ/সু.পা