আইনজীবী আলিফ হত্যা: আসামি সুকান্ত গ্রেপ্তার

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুকান্ত দত্তকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বান্দরবান সদর থানার নীলাচল যৌথ খামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুকান্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার প্রদীপ দত্তের ছেলে।
র্যাব জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুরের পর তার অনুসারীরা আদালত চত্বরে সহিংস বিক্ষোভে জড়ায়। এ সময় আদালত এলাকায় ভাঙচুরের পাশাপাশি রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক থাকা আসামি সুকান্তকে গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে বান্দরবান সদর থানার নীলাচল যৌথ খামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ