পানছড়িতে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ৮২ হাজার টাকার কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে পৃথক দুটি বিশেষ টহল অভিযান পরিচালনা করে ৮৯ দশমিক ৬৯ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ও দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান দুটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে মধ্য ফাতেমানগর মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আকারের ৩১ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ ৪৪ দশমিক ২৭ ঘনফুট। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।
এর আগে একই দিন সকাল ১১টা ৫৫ মিনিটে ফাতেমানগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩৯ টুকরা সেগুন কাঠ (৩৪ দশমিক ৮৮ ঘনফুট) এবং চার টুকরা গামারী কাঠ (১০ দশমিক ৫৪ ঘনফুট) জব্দ করা হয়। এসব কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকা।
অভিযান দুটিতে নেতৃত্ব দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর জেসিও-১০৮৫৯ নায়েব সুবেদার সিগন্যাল মো. শাহীন আল মামুন।
জব্দকৃত কাঠের সর্বমোট পরিমাণ ৮৯ দশমিক ৬৯ ঘনফুট এবং আনুমানিক মূল্য ২ লাখ ৮২ হাজার ৮২২ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত কাঠগুলো পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব