কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে নিয়ে বাঁশঝাড়ে, যুবক আটক

কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ বছরের এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আহত করার অভিযোগে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ওই শিশুকে অনৈতিক কাজের উদ্দেশে বাঁশঝাড়ে নিয়ে যায় আরিফুল। পরে শিশুটির কোমরের পেছনের অংশ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেন আরিফুল। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক আরিফুল ওই এলাকার ফরজ বেপারীর ছেলে। শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। পরে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নেওয়া হয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, এ ঘটনায় অভিযুক্ত যুবক আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/ এনউব