বন্দরে ছয় দফা দাবি পূরণে সংকট নিরসন করতে হবে : এস এম লুৎফর রহমান

চট্টগ্রাম বন্দর যান্ত্রিক বিভাগের বিদ্যমান সংকট অবিলম্বে নিরসনের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় বন্দর ইসলামী শ্রমিক সংঘ দপ্তর প্রাঙ্গনে বন্দর ইসলামী শ্রমিক সংঘের যান্ত্রিক বিভাগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক বিভাগে কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে পদোন্নতি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
এস এম লুৎফর রহমান বলেন, অতীতে শ্রমিকদের দাবি-দাওয়াকে পুঁজি করে একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করেছে। আমরা সেই নষ্ট রাজনীতির পুনরাবৃত্তি চাই না। আবার শ্রমিকদের ব্যবহার করে কোনো সংকটও সৃষ্টি করতে চাই না। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, বন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যান্ত্রিক বিভাগসহ প্রতিটি সেক্টরের শ্রমিক অপরিহার্য। তাই সকল শ্রমিকের প্রতি সুবিচার ও ইনসাফ নিশ্চিত করতে হবে। কারও প্রতি অবিচার নয়, আবার কারও প্রতি অযৌক্তিক অতিরিক্ত সুবিধাও নয়—এই নীতিতে শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য তিনি বন্দর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এবং সম্মেলনে উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও বন্দর শ্রমিক সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যান্ত্রিক বিভাগের সভাপতি শাহ আলম ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক সংঘের কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম রুমেল ও আইন আদালত সম্পাদক মোঃ আতিকুল্লাহ কাউসার। যান্ত্রিক বিভাগের পক্ষে বক্তব্য দেন মাস্টার অপারেটর মোঃ মহসিন, সিনিয়র অপারেটর সাজ্জাদ হোসেন সাজু এবং মাস্টার মেকানিক হারুনুর রশিদ।
ভোরের আকাশ/মো.আ.