ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় পলিথিন বিরোধী প্রচারণা

পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের জগৎ বাজারে জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ব্যবসায়ী ও পথচারীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিনের ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধ রাখলে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। এ জন্য পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে আমরা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আগামীতে কোনো দোকানদার পলিথিন ব্যবহার, বিক্রি বা মজুত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এ সময় ব্যবসায়ীরা পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান তারা।
কর্মসূচিতে সামাজিক সংগঠন ঢেউ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করা নোঙর বাংলাদেশের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। তারা বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে পলিথিনের ক্ষতিকর দিক নিয়ে কথা বলেন।
ভোরের আকাশ/জেআ