নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় কাইয়ুম মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাধিকা-নবীনগর সড়কের জুলাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মৃত মনজুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাইয়ুম মিয়া সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
ভোরের আকাশ/ইউএম