পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুরে ৩৭৪ জন আনসার-ভিডিপি সদস্যকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার বাছাই করা ৩৭৪ জন আনসার-ভিডিপি সদস্য এ ব্রিফিং প্যারেডে অংশ নেন। তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার ৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার-ভিডিপি সদস্যরা। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৬টি পূজামণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
মোতায়েন করা সদস্যদের মধ্যে থাকবেন ১৬ জন সেকশন কমান্ডার, ৫৭ জন সহকারী সেকশন কমান্ডার এবং ৩০১ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা।
ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত এবং পিরোজপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত। তাঁরা দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন।
এ সময় পূজামণ্ডপের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের জন্য সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্যাপিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/সু.পা