রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মশারি বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা, আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। সভা শেষে তৃতীয় লিঙ্গের সদস্যসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।
ভোরের আকাশ/সু.পা