টেকনাফ চেকপোস্টে চোলাই মদসহ পাচারকারী আটক

কক্সবাজার টেকনাফে মাদক পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন-২ দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিয়মিত তল্লাশির সময় বিজিবি সদস্যরা টেকনাফগামী একটি যানবাহন থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে নেমে পাহাড়ের দিকে ছুটে যেতে দেখেন। এরই মধ্যে গোয়েন্দা তথ্যও ছিল-দমদমিয়া বিওপি সংলগ্ন সড়কপথ ব্যবহার করে মাদক পাচার হবে।
তথ্য পাওয়ার পর ২ বিজিবি অধিনায়কের নির্দেশে চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। সন্ধ্যা ৭.২০ মিনিটে ওই ব্যক্তি অন্ধকারের সুযোগে এক সহযোগীকে নিয়ে পাহাড়ের ঢাল ও সীমান্ত রেস্তোরাঁর পেছন দিয়ে মাদক পাচারের চেষ্টা করলে বিজিবি কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়। এতে একজনকে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়। তবে পালিয়ে যায় অপর সহযোগী।
আটক মো. আতাউল্লাহ (২২), পিতা-সালেহ আহমেদ, গ্রাম-দমদমিয়া ৯নং ওয়ার্ড, পোস্ট-রঙ্গীখালী, থানা—টেকনাফ, জেলা-কক্সবাজার।
এ বিষয়ে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। জব্দ মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
ভোরের আকাশ/মো.আ.