চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম করা হবে.... দূর্যোগ ও ত্রান মন্ত্রী

রংপুরে চার খুনের ঘটনায় অল্প সময়ে মধ্যে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণ মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি। যদিও এই হত্যাকাণ্ডটার রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, তাই একটু সময় লাগছে।
তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পিছনে জড়িত তাদেরকে উন্মোচিত করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে জরুরি। আশা করি যে অল্প কিছুদিনের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে আমরা বিচার কাজ শেষ করতে পারব।
এসময় তিনি হাসপাতাল প্রসঙ্গে বলেন, গত সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলোকে ফলোআপ করার জন্য কতটা কার্যকরী হয়েছে সেই বিষয় অনুসন্ধান করার জন্য এসেছি। আশা করি আগামী এক মাসের ভিতরে আমরা নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।
পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন মন্ত্রী। সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এসময় রংপুর মেডিকেল হাসপাতালের পরিচালক, বিগ্রেডিয়ার জেলারেল আশিকুর রহমান, রংপুর উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ কলেজ ও হাসপাতালের চিকিৎসকগণ।
এর আগে নগরীর গুপ্তপাড়ায় সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
ভোরের আকাশ/ এনউব