পাবনায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পাবনা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি মলয় কুমার দাস রায়, জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক এস এম আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর পাবনা জেলায় ৩৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/জেআ