চালুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

জামালপুরের সরিষাবাড়ীতে চালু হওয়ার দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে যমুনা সার কারখানায় সার উৎপাদন।
বুধবার (৭ অক্টোবর) রাতে কারখানার বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যমুনা সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামতের কাজ চলছে। ত্রুটি মেরামত শেষে আগামী দুই দিনের মধ্যে উৎপাদন আবার শুরু হতে পারে।
কারখানা সূত্রে জানা যায়, গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ ছিল যমুনা সার কারখানা। পরে গ্যাসের চাপ বাড়ায় কারখানাটিতে উৎপাদন শুরু হয়।
তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে যমুনা সার কারখানার।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে কারখানাটিতে গ্যাস সংযোগ দেওয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে সোমবার ভোররাতে আবার সার উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। তবে উৎপাদন শুরুর দুই দিনের মাথায় বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
ভোরের আকাশ/জেআ