শিমুলের রঙে সাজছে যমুনার তীর, পর্যটনের নতুন স্বপ্ন সারিয়াকান্দিতে

যমুনার ভাঙন আর বন্যার সঙ্গে লড়াই করা সারিয়াকান্দির শোনপচায় এবার প্রকৃতিকে ঘিরেই নতুন স্বপ্ন। ২১ দশমিক ৫০ একরের শিমুল বাগানের সাড়ে ১৬ একরজুড়ে এক হাজার শিমুলসহ নানা প্রজাতির গাছ লাগিয়ে এলাকাটিকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ ও পর্যটন বিকাশে কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা অংশ নেন।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, বাগানে এক হাজার শিমুলগাছের পাশাপাশি চারপাশে ১৬০টি কৃষ্ণচূড়া এবং মাঝের সড়কের দুই পাশে ১০০টি কাঠবাদাম গাছ লাগানো হয়েছে। এছাড়া ছয়টি পাকর গাছও রোপণ করা হয়েছে।
এসময় বগুড়া-০১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম জানান, বৃক্ষরোপণের এ উদ্যোগের লক্ষ্য শুধু সবুজায়ন নয়; পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতে শিমুল বাগানকে পর্যটনবান্ধব স্থানে রূপ দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে শিমুল ফুলের মৌসুমে বাগানটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
কর্মসূচিতে সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পিত পরিচর্যা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে শোনপচার এ বাগানটি সারিয়াকান্দির নতুন সবুজ আকর্ষণ হিসেবে পরিচিতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোরের আকাশ/আ.র