নীলফামারীতে অটো রাইস মিলে ২০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সদর উপজেলায় অটো রাইস মিলের ছাইয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ দূষণের অভিযোগে একটি মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজার এলাকায় মেসার্স রাফি অটো রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন জানান, মিলের ছাইয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ দূষণ হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিলের মালিক আতিকুজ্জামান আতিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন মিলের মালিক। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভোরের আকাশ/সু.পা