শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ,নিরপেক্ষ তদন্তের দাবি

গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জহিরুল ইসলাম হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
গাজীপুরের আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হয়রানি বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
জানা যায়,গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে ২৫১২/২৬ মামলায় শাহনাজ নামের এক ব্যক্তি তাকে প্রধান আসামি করেছেন। কোর্ট মামলাটি তদন্তপুর্বক নথিভুক্ত করার নির্দেশ দেন
তবে মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জহিরুল।
তিনি জানান, এর আগে শ্রীপুরের তালতলী এলাকার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর আইন উদ্দিন ও তার ছেলে আলমাছ উদ্দিন তাঁকে হয়রানির হুমকি দেন। এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে হয়রানির উদ্দেশ্যে আইন উদ্দিনের মেয়ে শাহনাজের করা মামলায় তাকে আসামি করা হয়।
লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তবে তিনি কাউকে আগাম অপরাধী হিসেবে চিহ্নিত করতে চান না। অভিযোগের সত্যতা যাচাইয়ে মামলার নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
তিনি নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই এবং হুমকি ও হয়রানির অভিযোগ অনুসন্ধানের দাবি জানান। তদন্তে অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান ।
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।
ভোরের আকাশ/ এনউব