কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ ৩ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্নে ঘটনাটি ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।
ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। ট্রাকের নিচে চাপা পড়া তিনজন মিশুক ও সিএনজি অটোরিকশার যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে একজনের লাশ উদ্ধার করেছি। পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা পড়া দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ