ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: এমপি মোস্তাফিজুর রহমান

ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজ আয়োজিত ‘জাতীয় সংসদ সদস্যের সংবর্ধনা ও শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে এমপি মোস্তাফিজুর রহমান বলেন,আমাদের মানুষ হতে হবে। আজকের দিনের ছাত্র-ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। আমাদের মানবিক হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে এবং বাল্যবিবাহকে না বলতে হবে।
তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি চন্দননগর কলেজের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন এবং কলেজের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার।
ভোরের আকাশ/ এনউব