বাসাইলে পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ইউএনও

টাঙ্গাইলের বাসাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আরিফুল ইসলাম প্রিন্স এবং বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বাসাইল পৌরসভার সাহাপাড়া মধ্যবাড়ী ও পূর্ববাড়ী পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আরিফুল ইসলাম প্রিন্স পূজার আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনে প্রশাসনের গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়ে খোঁজখবর নেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স বলেন, "সবাইকে শুরুতেই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত আসলে আপনাদের প্রস্তুতি দেখার জন্য আসা, আমি আবারও আসবো। এ মন্দিরটির নাম অনেক শুনেছি। আমাদের যে দুর্গোৎসব—সেটা শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এটা সকল ধর্ম, সকল বর্ণের মধ্যে ছড়িয়ে পড়ুক, সার্বজনীন উৎসবে পরিণত হোক—এই প্রত্যাশা রাখছি।"
তিনি আরও বলেন, "কোনো প্রকার যদি কোনো সমস্যা বা কোনো সীমাবদ্ধতার বিষয় আপনাদের মধ্যে নজরে পড়ে, অবশ্যই আমাদের উপজেলা প্রশাসনকে জানাবেন, থানাকে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি, আমরা চাই এই উৎসবটি সবার উৎসব হোক।"
পূজা কমিটির সদস্যদের সাথে আলাপকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ইউএনও সার্বিক আইনশৃঙ্খলা ও শান্তিশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
একই সাথে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত ও নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তারা আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক ভবতোষ সরকার, সদস্য সচিব ভজন কুমার বিশ্বাসসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/ইউএম