খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় বোতলজাত মদ জব্দ করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল উপজেলার ফেনী নদীর উৎপত্তিস্থল এলাকায় ভগবানটিলা বিওপির একটি টহল দল এসব মদ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২২৬১/১৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবির সদস্যরা। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসির নেতৃত্বে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন।
ভোরের আকাশ/ইউএম