ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সৈকতে এমপি লুৎফুর রহমান কাজল

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যটন নগরী কক্সবাজারকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান চালিয়েছে কক্সবাজার পৌরসভা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল।
উদ্বোধনকালে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, প্লাস্টিক ও অপচনশীল জাতীয় বর্জ্যের কারণে দিন দিন সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কক্সবাজারের এই সৈকত দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তাই এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সৈকতকে তার আগের রূপে ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পর্যটন এলাকাকে দূষণ ও প্লাস্টিকমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা বাড়াতে হবে।
আয়োজকরা জানান, কর্মসূচির উদ্বোধনী দিনে পর্যটকের আনাগোনা বেশি এমন কবিতা চত্বর থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের মধ্যেও পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পর্যায়ক্রমে কক্সবাজার পৌরসভার পুরো এলাকায় মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী, সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, কক্সবাজার হোটেল-রিসোর্ট ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদারসহ সাগরপাড়ের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র