লালপুরে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ লালপুর গ্রামের ফরমান আলীর ছেলে মো. আরিফুজ্জামান ওরফে বাপ্পি (৪৮) এবং উত্তর লালপুর গ্রামের মৃত আলম মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৪১)।
এসআরবি সূত্রে জানা যায়, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে হেরোইন নিয়ে লালপুর বাজারের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করেন ব্যাটালিয়নের সদস্যরা।
পরে মোটরসাইকেল আরোহী বাপ্পি ও জিল্লুর রহমানকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ৫২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা হেরোইনসহ তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা