লালমনিরহাটের ৪৭১ পূজামণ্ডপে নিরাপত্তা দেবে এসআরবি-১৩

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে লালমনিরহাট জেলার ৪৭১টি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। পূজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২২ অক্টোবর পর্যন্ত এসআরবির বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসআরবি জানায়, জেলার ৪৭১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন ব্যাটালিয়নের সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে।
যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে এসআরবির বিশেষ স্ট্রাইকিং ফোর্সও।
সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পূজা চলাকালে কেউ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, পূজার সামগ্রী চুরি-ডাকাতি কিংবা অন্য কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, উৎসবের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত মোকাবিলায় এসআরবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।
ভোরের আকাশ/সু.পা