নীলফামারীতে রূপালী ব্যাংকের প্রচারণা ক্যাম্পেইন

বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ জনপ্রিয়করণ এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে জনসচেতনতামূলক প্রচারণা ক্যাম্পেইন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি নীলফামারী শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রূপালী ব্যাংকের নীলফামারী শাখা কার্যালয়ের সামনে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। পরে একটি প্রচারণা র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান। রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মোতালেব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী এবং রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন রূপালী ব্যাংক পিএলসি নীলফামারী করপোরেট শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার পোদ্দার।
এসময় বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি কিউআর কোডের মাধ্যমেই সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়ে। এ ব্যবস্থার ব্যবহার বাড়লে ক্যাশলেস লেনদেনও সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের সচেতন করতে এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক কাজ করে যাচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে ‘বাংলা কিউআর’ কোড তুলে দেন অতিথিরা। এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।
ভোরের আকাশ/রই