চাঁদপুর মাতৃপীঠে বৃত্তিপ্রাপ্ত ১১০ ছাত্রীকে সংবর্ধনা

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১১০ ছাত্রীকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, একটি পরিবারকে শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের পেছনে প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের নিরলস পরিশ্রম ও আন্তরিকতা রয়েছে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব তোমাদেরই নিতে হবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চায়ও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা চর্চার ওপরও গুরুত্ব দেন তিনি।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ‘আমার পাঁচ বোন এই বিদ্যালয় থেকে লেখাপড়া করেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার আবেগ ও ভালো লাগা জড়িয়ে আছে। আগামী দিনে তোমাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব।’ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে ভবিষ্যতে বাংলাদেশের সেরা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, প্রধান শিক্ষক যেসব সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়েছেন, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যালয়ের পানির সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য খেলাধুলার সামগ্রীও প্রধান শিক্ষকের হাতে তুলে দেন সংসদ সদস্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মারজানা ঈষা ও আয়শা খানম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা হাবিব এবং পবিত্র গীতা পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা ধর মুগ্ধ। পরে গান পরিবেশন করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণকলি, কবিতা আবৃত্তি করেন তাসপিয়া আক্তার এবং নৃত্য পরিবেশন করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী নিবেদিতা।
এর আগে প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪২ জন এবং ৮ম শ্রেণির ৬৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে তাদের সবাইকে কৃতি সংবর্ধনা দেওয়া হয়।
ভোরের আকাশ/আ.র