পাবনায় বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃষ্টির সময় তারা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন এবং একপর্যায়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছিলেন। ওই ঘরেই হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানিয়েছেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন, তারা সবাই কিশোর ও তরুণ।
চেয়ারম্যান বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
নিহতদের সবাই মূলত কিশোর ও তরুণ। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/আ.র