স্বস্তিতে এলাকাবাসী
বর্ষায় চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারে এগিয়ে এলেন সাফিক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর পর সংস্কার করা হয়েছে জনগুরুত্বপূর্ণ সড়ক রঘুনাথপুর বাজার থেকে সেখমাটিয়া বাজারগামী প্রায় ৫০০ মিটার সড়ক। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম সাফিকের নেতৃত্বে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় এটি ভাঙাচোরা ও বেহাল অবস্থায় পড়ে ছিল। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন অংশ আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে সাধারণ মানুষের চলাচল প্রায় অনুপযোগী হয়ে ওঠে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ পরিস্থিতিতে এলাকাবাসীর উদ্যোগে সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম সাফিকের নেতৃত্বে সড়কটির প্রায় ৫০০ মিটার অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সংস্কারকাজে সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে নতুন ইট বসানোর পাশাপাশি কোথাও খোয়া ও বালু ব্যবহার করা হয়েছে। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে সড়কটি দিয়ে মানুষের চলাচল অনেকটা সহজ হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মো. হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ থাকায় আমাদের যাতায়াতে অনেক সমস্যা হতো। এলাকাবাসীর উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় এখন চলাচলে অনেক সুবিধা হয়েছে।
স্থানীয় বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় ছিল। বিশেষ করে বর্ষার সময় মানুষের দুর্ভোগ বেড়ে যেত। সফিক ভাইয়ের নেতৃত্বে আমরা এলাকাবাসী মিলে এই অবহেলিত রাস্তাটির সংস্কারকাজ করেছি। এতে আমাদের চলাচলের কষ্ট অনেকটাই কমেছে।
এলাকাবাসী জানান, রঘুনাথপুর বাজার থেকে সেখমাটিয়া বাজারগামী সড়কটি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। স্থানীয় উদ্যোগে আপাতত সড়কটি চলাচলের উপযোগী করা হলেও এর স্থায়ী ও টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ভোরের আকাশ/ইউএম