টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
শিক্ষার্থীর স্বজন ও মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী মো. ওসমান গণি নাঈম (৯) ওই মাদ্রাসায় পড়াশোনা করে। গত ৪ নভেম্বর বুধবার বিকেলে শিক্ষক রাব্বি হোসেন গরম ইস্ত্রি দিয়ে শিশুটির শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় যান। এ সময় শিশুটি তার মাকে নির্যাতনের বিষয়টি জানায়। পরে রোববার রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান এবং লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনা জানার পরপরই মাদ্রাসাশিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। পরে মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা