ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা ঠেকাতে বিএনপি প্রস্তুত: মীর হেলাল

পরাজিত ও পলাতক রাজনৈতিক শক্তি পরস্পরের সঙ্গে যোগসাজশ করে দেশে বিভিন্ন ধরনের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র বা অপশক্তির কাছে বিএনপি মাথা নত করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সব দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দল প্রস্তুত রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন চত্বরে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মীর হেলাল বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি দেশকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনা সহজ নয়। নানা ধরনের সংকট মোকাবিলা করেই সরকারকে সামনে এগিয়ে যেতে হচ্ছে।
তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন।
‘ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজের যাত্রা কেবল শুরু হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সরকারকে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগোতে হবে। এ জন্য সময়ের পাশাপাশি দেশের মানুষের সম্মিলিত সহযোগিতাও প্রয়োজন।
বিএনপির এই নেতা বলেন, পরাজিত ও পলাতক শক্তি নিজেদের স্বার্থে দেশে নানা ধরনের সংকট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় বিএনপি সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, কোনো রাজনৈতিক ষড়যন্ত্র দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এসব অপচেষ্টা প্রতিহত করবে।
মীর হেলাল আরও বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জনগণের আস্থা ও প্রত্যাশাকে সামনে রেখে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই দলের অন্যতম লক্ষ্য।
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন ও সফল করতে মহানগরীর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।
এ ছাড়া মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আবুল হাশেম, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদ আলম, মো. সালাউদ্দিন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভা শেষে নেতারা বলেন, সাংগঠনিক ঐক্য ও জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে দেশের স্বার্থে বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করবে।
ভোরের আকাশ/জেআ